My Poems
অকাল বোধন
রক্তিম সেন
আবার এলো বছর ঘুরে নতুন বছর বৈশাখে।
কেমন করে কাটে সময় তার খবর বা কেই রাখে?
নতুন বছর আসলো, তবে কাল-বোশেখী কৈ রে ভাই?
(ঘূর্ণিঝড়ের দেশ যে এটা, গ্রীষ্ম এখন নয় যে তাই!)
হাসছে কেহ পরাগ দেখে, হাঁচছে কেহ তার জ্বালায়।
চাঁচছে কেহ সবুজ বাগান জল ছিটিয়ে নিত্য তায়।
কেউ বা আবার জ্বর বাধিয়ে খাচ্ছে ওষুধ বড় দুখে।
বাড়তি বিকেল কেউ বা পেয়ে ফেটাচ্ছে ফুল কী সুখে!
এরই মাঝে ছন্দে সুরে ভরাতে প্রাণ অনুক্ষণ
বসন্তকেই বৈশাখে আজ করব মোরা নিমন্ত্রণ।।
