My Poems
কাল যে শনিবার!
রক্তিম সেন
রোজ সকালে রোজের তালে ঘুমের থেকে উঠি।
ব্যস্ত-বাগীশ সবাই মোরা কাজের নেশায় ছুটি।
দিনের শেষে ক্লান্ত দেহে, চোখ যে পড়ে ঢুলে।
সোম যে কবে শুক্র হল – সব কিছু যাই ভুলে।
হঠাৎ গিন্নী খোশ-মেজাজে করল তিরস্কার –
কালকে তোমার অফিস কোথায়? কাল তো শনিবার!
কাল দুপুরে জন্মদিনে পেটটি পুরে খাওয়া –
রাত্রে আবার বিয়ে বাড়ি – সেজে গুজে যাওয়া –
রবিবারেও দুপুর বেলায় মস্ত আয়োজন।
সন্ধেবেলায় স্বল্প খাবার আছে নিমন্ত্রণ।
যাচ্ছি কোথায়? খাচ্ছি কেন? দিচ্ছি উপহার!
দরদরিয়ে ঘামছি আমি – কাল যে শনিবার!
কফির কাপে তুফান তোলা এখন তো আর সয় না।
সময় এত বাঁচিয়ে চলি – সময় তবু হয় না।
লিখব লিখন? পড়ব কখন? গাইব গলা ছেড়ে?
ছুটির দিনেও ছুটছি – যেন ছুটছি গ্রহের ফেরে।
এ ঘর ও ঘর করছি কেন মুখ করে বেজার?
হজমিগুলি খুঁজছি আমি – কাল যে শনিবার!
