My Poems
দাও কিছু অবসর
রক্তিম সেন
এসেছে নতুন ভোর – বসন্তের নির্মল আকাশ।
রয়ে গেছে কালকের শীতের স্বল্প আভাস।
আকাশের এক কোণে এক ফালি মেঘ আছে জমে।
নয়নের এক কোণে কান্না যেন গিয়েছে থেমে।।
সকালের শুভ্র আলো ঢেকে ফেলে জীবনের ক্ষত।
চোখে তো পড়ে না তাই জ্বলছে হ্রদয় অবিরত।
দিন যায়, দিন শেষে ক্লান্ত আঁখি পড়ে ঢুলে।
পৃথিবী ঘুমায়ে থাকে, আমি থাকি সব ব্যথা ভুলে।
দিয়েছি তো সব কিছু, হাসি মুখে, যত সুন্দর।
চেয়েছি তো শুধু আমি কান্নার কিছু অবসর।
আকাশের কোণে ঐ জমে থাকা বৃষ্টির জল
ঝরে যাক অশ্রু হয়ে, করে যাক হ্রদয় শীতল।।
